বড় ধরনরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কাছে প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছে বাংলাদেশ— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে করণীয় বিষয়েও আলাপ-আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম ইউ টটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশে সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা—উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে এখনো বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। বড় ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না ঘটে সেই জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চাওয়া হয়েছে।
আর বাংলাদেশ মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়।
সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস দেন তিনি।
পরে উইলিয়াম টট, রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। তবে এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি কোনো পক্ষই।