ক্ষমতার লোভে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি এখন সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের রক্তে যাদের হাত সব সময় রঞ্জিত হয়, তারা তো ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হাতের সঙ্গে হাত মেলাবেই। মোসাদের সঙ্গে হাত মেলানোয় এটাই প্রমাণিত হয়েছে তারা শুধু নিজেদের জন্য রাজনীতি করে।
মানুষ পুড়িয়ে মারার আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামাত দেশে গুপ্ত হত্যা শুরু করেছে বলেও জানান তিনি।
শেখ হাসিনা হুঁশিয়ার করে দিয়ে বলেন, উন্নয়নমুখী জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে— সব ষড়যন্ত্রেরই বিচার হবে। দোষী কাউকে ছাড় দেয়া হবে না।
গ্লোবাল উইমেনস লিডারস ফোরামে অংশ নিতে আজ (বুধবার) স্থানীয় সময় সকালে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে তার।
এছাড়াও বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনা।