প্রায় দুই কোটি মানুষের রাজধানীতে ৪০ লাখ মানুষ বাস করে বস্তিতে যাদের নেই স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের সুযোগ। এ বিশাল জনসংখ্যার জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশনে রয়েছে মাত্র ৬০টি পাবলিক টয়লেট।
এর ফলে রাজধানীর বস্তিবাসী ও পথচারিরা যত্রযত্র শৌচকর্ম করায় রাজধানীর পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়া নারীদের জন্য খুব কম টয়লেট থাকায় তাদেরও পড়তে হয় ভোগান্তিতে।
বুধবার সকালে রাজধানীতে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশিত পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
রাজধানীর সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপতাল, মার্কেটে জরিপ ও পর্যবেক্ষ প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা। এতে রাজধানী ঢাকার টয়লেট ব্যবস্থার চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার জনসংখ্যার তুলনায় সরকারি প্রতিষ্ঠানসহ পাবলিক প্লেসে টয়লেটের সংখ্যা খুবই কম। এতে সমস্যায় পড়তে হয় সর্বসাধারণকে।
যেসব পাবলিক টইলেট রয়েছে তারও বেশির ভাগ অপরিচ্ছন্ন ও নোংরা হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এসব কারণে রাস্তা কিংবা ফুটপাতেই প্রাকৃতিক কাজ সারেন অনেকে।
এমন পরিস্থিতিতে রাজধানীর পরিবেশের ভারসাম্য ধরে রাখতে শিগগিরই, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী অফিস, হাসাপাতাল, মার্কেট, পার্ক, সিনেমা হল, পাবলিক হলসহ ঐতিহ্যবাহী স্থানগুলোতে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে পবা।