ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর আঘাতে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সর্বতোভাবে প্রস্তুত সরকার— স্বেচ্ছাসেবী সংস্থাসহ সংশ্লিষ্টরা। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজধানী থেকে সার্বিকভাবে দেখভাল করা হচ্ছে, সার্বক্ষণিক চালু রয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ।
উপকূলীয় এলাকার জনগণকে সার্বক্ষণিক সতর্ক রাখা, নিরাপদ স্থানে তাদের সরিয়ে নেওয়া এবং ত্রাণ ও পুনর্বাসনের সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এ দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষ এমনিতেই খোলা থাকে ২৪ ঘণ্টা আর ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর আঘাতে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় এর তৎপরতা আরো বেশি।
উপকূলীয় এলাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ও সেখানকার হালনাগাদ জানা এবং প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেয়ার কাজ করছেন সংশ্লিষ্ট কর্মরতরা। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে সরকার।
এদিকে, সতর্ক রয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা-রেড ক্রিসেন্টও যারা প্রতিটি দুর্যোগ মোকাবেলায় তৎপর।
নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক চালু রাখাসহ আবহাওয়া সতর্ক সংকেত অনুযায়ী, ৫৫ হাজার ২৬০ জন স্বেচ্ছাসেবী দিয়ে সম্ভাব্য দুর্গত এলাকায় নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা কারা হচ্ছে।