রাজধানীতে পানি সরবরাহ নেটওয়ার্কসহ ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ৬ হাজার ৯৫০ কোটি ২৩ লাখ টাকা।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল।
এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠকে প্রায় ৬ হাজার ৯৫০ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয় বলে জানান তিনি।
বৈঠকে চলতি অর্থবছরে গৃহীত সব প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের করা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ঢাকা শহরে পানির অপচয় রোধ ও সুপেয় পানি সরবরাহে জন্য বাড়ি বাড়িতে মিটার সরবরাহ করা হবে—এ জন্য ৩ হাজার ১৮২ কোটি টাকা ব্যয়ে 'ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক' নামে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
প্রথমবারের মত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক-এআইআইবি অর্থায়নে দুটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ বলে জানান তিনি।
ঢাকা ও গাজীপুরে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন নির্মাণে প্রায় ৪১৯ কোটি টাকা অর্থায়ন করছে চীন ভিত্তিক এ সংস্থাটি।