আসছে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জন্য আলাদা অনুচ্ছেদের দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ওপর চলমান নির্যাতন ও ভূমি দখলের প্রতিবাদ এবং জাতীয় বাজেটে তাদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
একই সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নে এ খাতে বরাদ্দ আরো বাড়ানোরও দাবি জানান তিনি।
এ সময় রবীন্দ্রনাথ সরেন অভিযোগ করেন, জনসংখ্যার অনুপাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জন্য ৫ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ থাকার কথা থাকলেও পাহাড় সমতল মিলিয়ে তাদের জন্য বরাদ্দ ৮'শ কোটি টাকারও কম।
এ সম্পর্কিত সংসদীয় ককাসের আহবায়ক ফজলে হোসেন বাদশা অভিযোগ করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকার আন্তরিক নয়। আসছে বাজেটে এ বিষয়ে অর্থমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার আহ্বানও জানান তিনি।