দেশের বাজারে এবার স্বর্ণের দাম কমলো। বিভিন্ন ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি কমল এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত। এছাড়া রুপার দামও ভরিতে কমেছে ৫৮ টাকা।
মঙ্গলবার থেকে সারাদেশে স্বর্ণের নতুন এই দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বর্ণ ও রুপার নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ গত ৬ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ভরপ্রতি এক হাজার ২২৫ টাকার মতো। এর দুই মাস আগে গত ৫ মার্চ স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ২২৪ টাকার মতো বাড়িয়েছিল সমিতি।
আজ থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৪৫ হাজার ৮৯৭ টাকায়। এখন ২২ ক্যারেট স্বর্ণ ভরিতে বিক্রি হচ্ছে ৪৭ হাজার ৪১৪ টাকা।
এছাড়া নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের দাম ভরিতে ৪৫ হাজার ৩১৪ টাকা থেকে কমিয়ে ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেটের দর ভরিতে ৩৮ হাজার ৬৬৬ টাকা থেকে কমিয়ে ৩৭ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির স্বর্ণের দর ভরিতে দাঁড়াবে ২৬ হাজার ১২৭ টাকা যা সোমবার পর্যন্ত বিক্রি হবে ২৭ হাজার ৫৮৫ টাকায়।
এছাড়া ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম হবে ভরিতে ১ হাজার ১০৮ টাকা; বর্তমানে ভরিপ্রতি তা বিক্রি হচ্ছে ১ হাজার ১৬৬ টাকায়।