পুলিশের ব্যর্থতার কারণেই রাজধানীর সড়কগুলো হকারমুক্ত করা যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার সকালে রাজধানীর গুলিস্তানে হকারমুক্ত অভিযান শেষে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, পর্যায়ক্রমে রাজধানী হকার মুক্ত করা হবে। রোজা ও ঈদে নগরবাসির নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কঠোর অবস্থানের কথাও জানান কমিশনার। এছাড়া জাল টাকা রোধে টাকা সনাক্তকারী মেশিন সরবরাহসহ সক্রিয় চক্রগুলোকে ধরতে কাজ করা হচ্ছে।
পর্যায়ক্রমে রাজধানীর সব সড়কের হকার উচ্ছেদ করা হবে— উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ব্যর্থতার কারণেই সড়কগুলো হকারমুক্ত করা সম্ভব হয়নি।
আর রোজা ও ঈদে নগরবাসি যেন ছিনতাই এবং মলম পার্টিসহ অনাকাঙ্খিত কোনো ঝামেলায় না পরে সেজন্য কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়াও জাল টাকা রোধে ডিএমপির পক্ষ থেকে টাকা সনাক্তকারী মেশিন সরবরাহসহ এর সঙ্গে সক্রিয় চক্রগুলোকে ধরতে গোয়েন্দারা তৎপর রয়েছে বলে দাবি করেন আছাদুজ্জামান মিয়া।
এদিকে, রাজধানীর বিভিন্ন সড়কগুলো হকারমুক্ত করতে প্রায়ই উচ্ছেদ অভিযান পরিচালনা করে পুলিশ, সিটি কপোরেশন ও সংশ্লিষ্টরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীও একাধিকবার এসব উদ্যোগ নিলেও খুব একটা সুফল পায় না নগরবাসী। উচ্ছেদের পরপরই আবারো দখল হয়ে যায় সড়কগুলো।