বাংলাদেশি নাগরিকদের জন্য গুলশানের ভারতীয় হাইকমিশনে ভিসা ক্যাম্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঈদ উপলক্ষে আয়োজিত এ ভিসা ক্যাম্প চলবে ১৬ জুন পর্যন্ত।
বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা আবেদনকারীরা এ ক্যাম্পে ই-টোকেন ছাড়াই সরাসরি ভিসার আবেদন জমা দিতে পারবেন।
ভিসা জটিলতা কমানো ও ভারত ভ্রমন সহজ করতে আসন্ন ঈদকে সামনে রেখে এই ভিসা ক্যাম্প চালু করলো ঢাকার ভারতীয় হাইকমিশন। যাদের সাক্ষাতের তারিখ বা ই-টোকেন নেই শুধু তাদের জন্যই এ ভিসা ক্যাম্প।
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত ৪৫ বছরের উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক ভালো থাকলে শুধু ভিসা জটিলতা নয়; যে কোনো সমস্যারই সমাধান সম্ভব।
ভারতে সবচেয়ে বেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে। গত বছর ১০ লাখেরও বেশি বাংলাদেশি ভারতে ভ্রমণ করেছে বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।
ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী বাংলাদেশিদের জন্য এ ভিসা ক্যাম্প সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।