আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার দুপুর ১২টার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ আমন্ত্রণ কার্ডগ্রহণ করেন দলটির উপকমিটির সদস্য মৃনাল কান্তি।
বিএনপির প্রতিনিধিদলে আরো ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়েছে। আমন্ত্রনটি মৃনাল কান্তিগ্রহণ করেছেন।’
আগামী ১১ জুন রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪ নং হলে এ ইফতারের আয়োজন করেছে বিএনপি।