রোজা শুরুর আগে মাংসের দাম ঠিক করতে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এতে সিদ্ধান্ত হয় ২৬ রোজা পর্যন্ত দেশি গরুর মাংস ৪২০ টাকা, মহিষ ৪০০ এবং খাসীর মাংস ৫৭০ টাকায় বিক্রি করবেন ব্যবসায়ীরা। একইসঙ্গে সব দোকানেই এ মূল্য তালিকা টাঙিয়ে রাখারও সিদ্ধান্ত হয়।
তবে রোজার শুরু থেকেই শুধু মহিষের মাংস ছাড়া অন্যান্য সব মাংসের দামই ইচ্ছেমতো নিচ্ছেন বিক্রেতারা। অনেক দোকানেই নেই মূল্য তালিকা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার মনিটরিংয়ের সময় পাল্টে যায় এ চিত্র। সব দোকানেই মূল্য তালিকার পাশাপাশি, মাংস বিক্রিও হয় নির্ধারিত দামে।
অবস্থার অনেকটা উন্নতি হয়েছে— উল্লেখ করে সাঈদ খোকন জানিয়েছেন, অনিয়মের বিষয়ে ভোক্তাদের অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
সবজিসহ নিত্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। সবজির দামও কিছুটা কমেছে আর রোজার আগে বেড়ে যাওয়া নিত্যপণ্যের দাম নতুন করে আর বাড়েনি।
এছাড়া ইফতারে বৈচিত্র্য আনতে নতুন নতুন খাবার তৈরি করছেন বিক্রেতারা।