হাইকোর্ট বিভাগে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৩০৩টি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার সকালে সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ২০১৬ সালে ৩১ মার্চ পর্যন্ত হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার মধ্যে দেওয়ানী মামলা ৮৭ হাজার ৯৬৪টি, ফৌজদারী মামলা ২ লাখ ৪১ হাজার ১৫টি, রিট মামলা ৬৩ হাজার ২৫০টি এবং আদিম মামলা ৭ হাজার ৭৪টি ছিলো।
আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, মামলা জট হ্রাসের লক্ষ্যে শূন্য পদে বিচারক নিয়োগ, পদ সৃজন, পদোন্নতি ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া দেওয়ানী কার্যবিধি সংশোধন করে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বিচারিক ব্যবস্থা দ্রুত ও সহজীকরণে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যক্রম গ্রহণ করেছে। সূত্র: বাসস