সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনকে ভূতুড়ে বলে আখ্যায়িত করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
সংগঠনটি মনে করে এর মাধ্যমে গণতন্ত্রের যেমন ক্ষতি হয়েছে পাশাপাশি ভবিষ্যতের নির্বাচনগুলোর ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে।
এমনকি পুরো নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেও মত তাদের। গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে অচিরেই জাতীয় সংলাপ আয়োজন করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সুজন।
অনিয়ম আর সহিংসতার মধ্য দিয়ে সম্প্রতি শেষ হয়েছে ৬ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। দলীয় মনোনয়ন আর প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে প্রাণ গেছে শতাধিক মানুষের।
বিশ্লেষেকরা মনে করেন, নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী না করে দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়ার কারণেই এতো হতাহতের ঘটনা ঘটেছে।
দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজন বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন ৬ ধাপের ইউপি নির্বাচন সম্পর্কে নিজেদের বিশ্লেষণ তুলে ধরে।
সংবাদ সম্মেলনে জানানো হয় রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য এবং কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নিতে না পারার পাশাপাশি ইউপি নির্বাচনকে ত্রুটিপূর্ণ।
ইউপি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নির্বাচনগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য কিছু সুপারিশও তুলে ধরে সুজনের নির্বাহী বদিউল আলম মজুমদার।
সম্প্রতি সংঘটিত কিছু টার্গেট কিলিং-এর কথা উল্লেখ করে এতে দেশ অস্থিতিশীল হবে না বরং গোলযোগপূর্ণ নির্বাচনেই দেশ অস্থিতিশীল হতে পারে বলে মন্তব্য করেন বক্তারা।