দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা তুলে ধরেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সেমিনারে বক্তারা বলেন, সুশাসনের সংকট থাকলে সমাজ, জনজীবন নিরাপত্তাহীন হয়ে পড়ে যা লঙ্ঘিত হয় মানবাধিকার।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সঙ্গে কাজ করতেই এ প্লাটফর্ম গঠন করা হয়েছে বলে জানান তারা।
দেশের অর্থনীতিবিদ, মানবাধিকারকর্মী, উন্নয়নকর্মী, উদ্যোক্তা এবং গবেষণা প্রতিষ্ঠানসহ প্রায় ত্রিশটি সংস্থার প্রধানদের সমন্বয়ে গঠন করা হয়েছে "এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম"।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বা এসডিজি বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখা এবং প্রক্রিয়ার জবাবদিহিতা নিশ্চিতের পর্যবেক্ষণ করা এ প্লাটফর্মের উদ্দেশ্য। সকালে সংবাদ সম্মেলনে সংগঠনটির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে মানবধিকার কর্মী সুলতানা কামাল বলেন, যেকোনো দেশের সুশাসন ঠিক না থাকলে মানবাধিকার যেমন লঙ্ঘিত হয়, তেমনি মানুষের জীবনও অনিরাপদ হয়ে পড়ে। এজন্য এসজিডি'র লক্ষ্যের ১৬ অধ্যায়ের ওপরই গুরুত্ব দেয়া হবে।
একই সঙ্গে এক্ষেত্রে সরকারের ভুল দিকগুলো তুলে ধরে সমালোচনা করবেন তারা—এছাড়া এসডিজি'র ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি অভিষ্টের ওপর গবেষণাও করবে নাগরিক প্লাটফর্ম বলে জানান টিআইবি নির্বাহী ড. ইফতেখার ও সিপিডির মোস্তাফিজুর রহমান।
এ প্লাটফর্মের মেয়াদ হবে ৫ বছর। আপাতত নিজস্ব অর্থায়নেই এটি পরিচালিত হবে। আর প্লাটফর্মের সচিবালয় হিসেবে কাজ করবে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।