উত্তরার বৌদ্ধ মন্দিরের পাশে দ্বিতীয় দিনে রোববারও অস্ত্র উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৩২টি ম্যাগজিন।
দুপুরে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
আইজিপি বলেন, কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র এনে থাকতে পারে। পুলিশের সাঁড়াশি অভিযানে আতঙ্কিত হয়ে তারা হয়তো এসব অস্ত্র খালে ফেলে দিয়েছে। এ বিষয়ে আরো তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এর আগে, শনিবার দুপুরের দিকে খালটিতে সন্দেহজনকভাবে কিছু ব্যাগ ফেলা হচ্ছে— এমন খবর পেয়ে তুরাগ থানা পুলিশ সেখানে অভিযান চালায়। খাল থেকে ব্যাগভর্তি ৯৭টি বিদেশি পিস্তল, ২১৭টি ম্যাগজিন, ১০টি অত্যাধুনিক বেয়নেট ও ১ হাজার ৬০টি গুলি উদ্ধার করে পুলিশ। এসব অস্ত্র-শস্ত্রের নেপথ্যে দেশি-বিদেশি চক্র জড়িত থাকতে পারে বলে তাদের ধারণা।