পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে আগামী বুধবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে।
ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ-পূর্ব অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। রেলওয়ের কর্মকর্তাগণ টিকেট বিক্রি কার্যক্রম তদারকি করবেন।
রেলওয়ে সূত্র জানা গেছে, আগামী ১ জুলাই যাত্রার টিকেট ২২ জুন ২টি স্টেশন থেকে বিক্রি শুরু হবে। এছাড়া ২ জুলাই যাত্রার টিকেট ২৩ জুন, ৩ জুলাই যাত্রার টিকেট ২৪ জুন, ৪ জুলাই যাত্রার টিকেট ২৫ জুন এবং ৫ জুলাই যাত্রার টিকেট ২৬ জুন বিক্রি করা হবে।
অগ্রিম টিকেট বিক্রির লক্ষে বাংলাদেশ রেলওয়ে সকল ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে। টিকেট কালোবাজারি প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সহযোগিতায় টিকেট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। এছাড়া জেলা প্রশাসকদের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
এদিকে, রেলওয়ে ঈদ ফেরত যাত্রীদের ভ্রমণের জন্য অগ্রিম টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিটরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করবে।
রেলওয়ে সূত্র জানায়, ৮ জুলাই যাত্রার টিকেট ৪ জুলাই, ৯ জুলাই যাত্রার টিকেট ৫ জুলাই, ১০ ও ১১ জুলাই যাত্রার টিকেট ৭ জুলাই এবং ১২ জুলাই যাত্রার টিকেট ৮ জুলাই বিক্রি করা হবে।
উল্লেখ্য, একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না।