ক্রসফায়ার, এনকাউন্টার বা বন্দুকযুদ্ধের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
সোমবার সকালে ঢাকার মেজিস্ট্রেট ও জজ আদালতে আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সেখানে সিএমএম আদালতে হাজতখানার পরিস্থিতি দেখে মর্মাহত হন তিনি। মহিলা আসামিদের সঙ্গে শিশুদের দেখে তিনি প্রশ্ন করেন ওরাতো অপরাধী নয়, হাজতখানায় কে? এ সময় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাসে গিয়ে তিনি ঘণ্টাব্যাপী মামলা পরিচালনা দেখেন।
পরে বিকেলে আইনজীবীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি বলেন, ক্রসফায়ার, এনকাউন্টার বা বন্দুকযুদ্ধের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রধান বিচারপতি এ সম্পর্কে আরো বলেন, গণমাধ্যমে প্রতিবেদনের ভিত্তিতে বিচার বহির্ভূত হত্যার বিচার করবে না আদালত। এক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই বিচার করবে আদালত। এ সময় তিনি উল্লেখ করেন, বিচারকদের ওপর মানুষের আস্থা বাড়ছে।
বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। বিচারবিভাগে কোনো ধরনের দুর্নীতিকে প্রশয় না দেয়ার অঙ্গীকার করেন প্রধান বিচারপতি।