ঢাকা মহানগর পুলিশ ক্রসফায়ার করে না—পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষার্থেই পাল্টা গুলি ছোড়ে,কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করার জন্য নয় জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার রাজধানীর গাবতলিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, সন্ত্রাসীরা মারা যান এনকাউন্টারের সময়।
তিনি বলেন, এবারের ঈদে চাঁদাবাজ, মলমপার্টি ও ছিনতাইকারীদের দৌরাত্ম থামাতে নগরবাসীর নিরাপত্তায় প্রয়োজনে পুলিশ গুলি চালাবে।
সকালে রাজধানীর গাবতলীতে যানজটের বিষয়ে নগরবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রাজধানীর যানজট কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, রাজধানী থেকে বাস ডিপোগুলো তুলে নিলে যানজট কমে যাবে।
আসছে ঈদ ও রমজান চলাকালে কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার আরো বলেন, প্রয়োজনে ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।