ঢাকা থেকে বরিশালে সড়ক পথে যেতে সময় লাগে ৬ থেকে ৭ ঘণ্টা। একই সময়ে এখন নৌপথেও ঢাকা থেকে বরিশাল যাওয়া সম্ভব। তাই এই রুটে চলাচলে সড়ক পথের চেয়ে নৌ পথেই যাত্রীদের আগ্রহ বেশি। আর যাত্রীদের আকৃষ্ট করতে সব সময় ঢাকা-বরিশাল নৌ রুটে যাত্রী সেবার মান বাড়াতে লঞ্চ মালিকদের মধ্যে এক প্রকার প্রতিযোগিতা লেগেই থাকে।
এরই ধারাবাহিকতায় সিসিইউ মেডিকেল সার্ভিস, লিফট, ফুড কোর্ট, ক্যাফেসহ নানা বিলাস সুবিধা নিয়ে ২৫ জুন থেকে ঢাকা-বরিশাল নৌ-রুটে যাত্রা শুরু করতে যাচ্ছে যাত্রীবাহি লঞ্চ সুন্দরবন। থাকছে ভিআইপি, ডুপ্লেক্স ও বিজনেস ক্লাসসহ বিভিন্ন ধরনের লাক্সারি কেবিন। ঈদকে সামনে রেখে এমন একটি লঞ্চ যুক্ত হওয়ায় খুশি যাত্রীরাও।
৩৫০ ফুট দৈর্ঘের ও ৫০ ফুট প্রশস্ত ৪ তলা বিশিষ্ট এই লঞ্চে আরো রয়েছে-রাডার, ইকো সিস্টেম ওয়ারলেস সুবিধা। লঞ্চটির যাত্রী ধারণ ক্ষমতা ১৩০০ জনেরও বেশি।
সুন্দরবন নেভিগেশন কোম্পানি লিমিটেডের পরিচালক সাইদুর রহমান রিন্টু বলেন, বিলাসবহুল যাত্রী সেবা প্রদান করলেও ভাড়া অন্যসব লঞ্চের মতোই থাকবে।