গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে জয়ী হওয়ার এই ফলাফল যুক্তরাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎকে বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।
শুক্রবার নিজের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান ইইউতে থাকার পক্ষের প্রচারণায় থাকা টিউলিপ।
এই প্রেক্ষাপটে নিকট ভবিষ্যতে ব্রিটিশ সমাজের বাঁক বদলের সবচেয়ে ঝুঁকির মুখে থাকা মানুষদের জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত এই আইনপ্রণেতা।
তিনি ক্যামডেন ও ব্রেন্টের যেসব প্রচারকর্মী রিমেইন'র পক্ষে নিরন্তর লড়াই চালিয়েছেন, সবাইকে সাক্ষী রেখে তাদেরকে ধন্যবাদ জানান।
টিউলিপ ছাড়াও লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ও রুপা হকও ইইউতে থাকার পক্ষে প্রচারণায় ছিলেন।
শেখ হাসিনাও যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে মত দিয়েছিলেন।