বর্তমানে দেশে বেসরকারি খাতে ২০টি এফএম বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিও চালু রয়েছে রোববার সংসদে এ তথ্য জানিয়েছেন : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য-বিমোচন, সামাজিক সুরক্ষা, প্রশিক্ষণ, গণসচেতনতা ও বিনোদনের পরিসর বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিকাশ ও মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে ‘বেসরকারি মালিকানাধীন এফএম বেতার কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য নীতিমালা-২০১০’ প্রণয়ন করা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, নির্দিষ্ট ভৌগলিক অবস্থানে বসবাসকারী জনগোষ্ঠী, সমধর্মী কিছু লোকজ, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের অধিকারী জনগোষ্ঠীকে তথ্য-সেবা দানের মাধ্যমে জীবন বিকাশের সুযোগ করে দেয়ার লক্ষ্যে ‘কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০০৮’ প্রণয়ন করা হয়েছে।
স্বতন্ত্র সদস্য মো. আব্দুল মতিনের অপর এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ টেলিভিশন নিজস্ব ম্যান্ডেট ও দায়বদ্ধতা হতে দীর্ঘদিন যাবত জেলাভিত্তিক বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। এর পাশাপাশি দেশের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সামাজিক রীতিনীতি চাল-চলন ইত্যাদি তুলে ধরে ‘লোক লোকালয়’ শিরোনামে একটি অনুষ্ঠান মাসের ১ম ও ৩য় সপ্তাহের মঙ্গলবার নিয়মিতভাবে সম্প্রচার করা হচ্ছে। সূত্র বাসস।