বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশিকার সংশোধন কার্যক্রম চূড়ান্ত হওয়ার পর নতুন এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার সংসদে সরকারি দলের বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে দেশে ২৬ হাজার ৮৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটা চলমান প্রক্রিয়া—এ প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমান মহাজোট সরকারের বিগত মেয়াদে ২০১০ সালে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশিকার সংশোধন কার্যক্রম চূড়ান্ত করা হয় বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তীতে এ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সংশোধিত বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা এবং সরকার প্রদত্ত জাতীয় বেতন স্কেল-২০১৫’র আলোকে নির্দেশিকাটি অধিকতর সংশোধনের প্রয়োজন হওয়ায় এটির সংশোধনের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ পাওয়ার পর নির্দেশিকাটি শিগগিরই চূড়ান্ত করা হবে। পরবর্তীতে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এ নির্দেশিকার অনুসরণে বাস্তবতা ও প্রয়োজনীয়তার নিরীখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।
সংসদে সরকারি দলের সদস্য ডা. মো. এনামুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষা নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নেই সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলতি অর্থবছরে ভবন নির্মাণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রকল্প প্রণয়ন করা হয়েছে।
নাহিদ বলেন, এরইমধ্যে এ প্রকল্প অন্তর্ভুক্তির জন্য সংসদ সদস্যগণের কাছ থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখি সম্প্রসারণ ও ৬টি মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য তালিকা সংগ্রহ করা হয়েছে। প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ে পর্যালোচনা করা হচ্ছে।
প্রকল্প অনুমোদিত হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরীখে সংগৃহীত প্রাধিকার তালিকা হতে শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্পে অন্তর্ভুক্ত করে যথাশীঘ্র ও পর্যায়ক্রমে এর বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে। সূত্র: বাসস।