দেশে সরকারি সেবা খাতে সার্বিক দুর্নীতির হার ৬৭.৮%। ২০১৪-১৫ অর্থবছরে জাতীয়ভাবে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ৮ হাজার ৮২২ কোটি টাকা। যা ওই অর্থবছরের জাতীয় বাজেটের ৩.৭% এবং জিডিপির ০.৬%।
সেবা খাতে দুর্নীতি নিয়ে জাতীয় খানা জরিপ-২০১৫ এর রিপোর্ট বুধবার প্রকাশ করে এসব কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতে সার্বিক দুর্নীতির হার ৬৭.৮%। এছাড়া আগের অর্থবছরের তুলনায় প্রায় দেড় হাজার কোটি টাকা বেশি ঘুষ নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সেবা খাতে দুর্নীতির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে সরকারের পাসপোর্ট বিভাগ এবং তার পরেই আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এছাড়া দেশের নিম্ন আয়ের মানুষই সবচেয়ে বেশী দুর্নীতির শিকার।
এ সময় টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, দুর্নীতিবাজরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাওয়ার কারণেই দেশে দুর্নীতি কমানো সম্ভব হচ্ছে না।