ঈদযাত্রার দ্বিতীয় দিনে শুক্রার সকালে তেমন ভিড় চোখে পড়েনি গাবতলী বাস টার্মিনালে। মহাখালী ও যাত্রাবাড়ি বাস টার্মিনালেও নেই যাত্রীদের সেই উপচে পড়া ভিড়।
ঈদের আগে ঘরমুখো মানুষের চাপে গাবতলী বাস টার্মিনালে তিল ধারণের ঠাই না থাকলেও এবারের চিত্র ভিন্ন। ঈদের ভিড় যেন এখনও জমে ওঠেনি এখানে।
টিকিট পাওয়া ও ভাড়া নিয়েও তেমন কোনো অভিযোগ নেই যাত্রীদের। ভিড় কম থাকায় বাড়ি ফিরতে কোনো শঙ্কাও নেই তাদের।
ঢাকা ছেড়ে যেতে এবং ঢাকায় ফিরতে পথে কোনো সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছে বাস কর্তৃপক্ষ। তবে, যাত্রী কম থাকায় লোকসানের কথা জানিয়েছেন তারা।
মঙ্গলবার থেকে গার্মেন্টসসহ সকল বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় সোমবার বিকেল থেকে ঈদের ভিড় পুরোদমে জমে উঠবে বলে মনে করছে বাস কর্তৃপক্ষ।
যাত্রীদের নিরাপত্তায় টার্মিনালগুলোতে পুলিশ, র্যা ব ও বিআরটিএ'র সেবা বুথ খোলা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।