পবিত্র রমজানের শেষ শুক্রবার; পালিত হলো জুমাতুল বিদা। ঈদুল ফিতরের আগে, এই শেষ শুক্রবার জুমার নামাজে শরিক হয়ে মুসল্লিরা বিদায় জানান রমজানকে। মসজিদগুলোতে মুসল্লিদের উপচেপড়া ভিড়। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ দিনে মসজিদে মসজিদে হয়েছে বিশেষ মোনাজাত। দোয়া করা হয় মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায়।
মাহে রমজানের বিদায়ী জুমা. ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে আসছেন দলে দলে। উদ্দেশ্য. জুমার নামাজে শরিক হয়ে নৈকট্য লাভের চেষ্টা মহান স্রষ্টার।
শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের চিত্র এটি। পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই মুসল্লিদের এ স্বতঃস্ফুর্ত উপস্থিতি। এমন উপচেপড়া ভিড় অন্য মসজিদেও।
মুসল্লিরা এসেছেন আত্মশুদ্ধি আর মহান আল্লাহ'র অশেষ রহমতের আশায়।
মসজিদে এমন জমায়েত শুরু হয় দুপুর ১২ টার পর থেকেই। যদিও ছিলো রোদ আর বৃষ্টির বাগড়া, তবু তা উপেক্ষিতই থেকেছে মুসল্লিদের কাছে। তারা এসেছেন গুনাহ মাফ ও বিশেষ সওয়াব হাসিলের উদ্দেশ্যে।
ফজিলত ও তাৎপর্যের দিক থেকে রমজান মাসের প্রতিটি জুমাই অনন্য। তবে জুমাতুল বিদার মর্যাদা ও ফজিলত আরো বেশি। মসজিদে মসজিদে বিশেষ বয়ান আর খুতবায় উঠে আসে আল্লাহ'র ইবাদতে মন-প্রাণ সঁপে দেওয়ার আহ্বান।
মাহে রমযানে আল্লাহর কাছে সুখ, শান্তি, ক্ষমা ও কল্যাণ প্রার্থনার অপূর্ব এক সুযোগ গ্রহণ করতে জুমাতুল বিদায় শরিক হন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয় দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায়।