রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জিম্মিদের মধ্যে থাকা ৩ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের পরিবারের সদস্যরা।
জানা গেছে, তাদের মধ্যে একজন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন এবং অন্যজন ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ।
শনিবার আইএসপিআরের সংবাদ সম্মেলনে কমান্ডো অভিযানে ১৩ জিম্মি উদ্ধার তথ্য দেয়। ২০ জিম্মি হত্যার তথ্য ও হামলাকারী সাতজনের মধ্যে ৬ জন নিহত একজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে।
তবে ফারাজ ও ইশরাতের পরিবার দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। লতিফুর রহমানের মেয়ে সিমিন হোসেনের দুই ছেলের মধ্যে ফারাজ সবার ছোট।
ট্রান্সকম কনজ্যুমার প্রডাক্টসের বিপণন কর্মকর্তা সৈয়দ মাহমুদ তাহনুন ইশতিয়াক রিয়াদ বলেন, দুই ভাইয়ের মধ্যে ফারাজ ছিল ছোট। ফারাজ ট্রান্সকম গ্রুপে শিক্ষানবিশ হিসেবে কাজও করেছিল।
আর ইশরাত আখন্দ ডেএক্সওয়াই ইন্টারন্যাশনালের মানব সম্পদ বিভাগের পরিচালক ইনস্টিটিউট অফ এশিয়ান ক্রিয়েটিভসে ছিলেন। তিনি গ্রামীণফোন ও ওয়েস্টিন হোটেলেও কাজ করেছিলেন।
ইশরাত আখন্দ:
তার নিহত হওয়ার খবরটি ফেসবুকে জানান তার বন্ধু নাদিয়া ইসলাম। ইশরাতের পরিবারের সদস্যদের কাছ থেকেই নিশ্চিত হয়ে শোকাবহ খবরটি জানান তিনি।
ফেসবুকে নাদিয়া লিখেছেন: ওরা আমার বন্ধুকে মেরে ফেলেছে।
ইশরাত একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। এর আগে ওয়েস্টিন হোটেল অ্যান্ড রিসোর্টেও কাজ করেছেন তিনি। একসময় ব্র্যাক নেটের মানব সম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার ছিলেন। কাজ করেছেন গ্রামীণফোনেও। অস্ট্রেলিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে কাজ করা এই নারী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
শিশুদের সংগঠন বাতিঘরের পরিচালক তামান্না সেতু ফেসবুকে লিখেছেন: ইশরাত আখন্দকে মেরে ফেলেছে!
তামান্না সেতু বলেন: নাদিয়া ইসলামের স্ট্যাটাস থেকে জানতে পারলাম। ইশরাত কাল রাতে হোস্টেজ হিসেবে জিম্মি ছিল গুলশানের রেস্টুরেন্টে। এক ঘণ্টা আগে নাদিয়া ইসলাম পোস্ট করেছে ইশরাত আর নেই!
বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করে টেলিভিশন সঞ্চালক এবং শিল্পী নবনীতা চৌধুরী ফেসবুকে লিখেছেন: সবসময় হাসিমুখের তোমার হৃদয় সবসময় সুখ আর ইতিবাচকতা ছড়িয়ে গেছে।
নবনীতা বলেন: আমার বন্ধু ইশরাত খুব ঘনিষ্ঠভাবে তরুণ চিত্রশিল্পীদের সঙ্গে কাজ করতেন। তাদের কাজে খুব গর্বিতও ছিলেন তিনি। সবকিছুতে সবসময় তিনি তরুণ ছেলে-মেয়েদের জয়গান গেয়েছেন।
জানা গেছে, ল্যাভেন্ডার মালিকের নাতনি অবিন্তা কবীর নিহত হয়েছে এ হামলায়।