গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ২০ জনের মধ্যে ৬ জাপানি মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে তথ্য জানান তিনি।
জঙ্গি হামলায় জাপানি নাগরিক নিহতের ঘটনায় বাংলাদেশ থেকে জাপান অর্থায়ন বন্ধ করে দেবে বলে যে কথা উঠেছে— তা নেহাৎ গুজব বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, জাপান বাংলাদেশের বন্ধু প্রতীম দেশ। ওই ঘটনা অর্থায়ন বা ব্যবসা-বাণিজ্যে কোনও প্রভাব পড়বে না।
বর্তমানে বাংলাদেশে জাপানের ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে। দুদেশের মধ্যকার বাণিজ্য ২০০ কোটি মার্কিন ডলার। এছাড়াও মেট্রোরেলসহ বিভিন্ন অবকাঠামো খাতে জাপানের সঙ্গে অর্থ বেশ কিছু সহায়তা চুক্তি রয়েছে।
শনিবার রাতে নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে বলে আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিহত বিদেশিদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি ৩ জন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে।
নিহত ৭ জাপানি হলেন: তানাকা হিরোশি, সাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই, হাসিমাতো হিদেকো ও কোয়ো ওগাসাওয়ার।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাতেই ২০ জনকে কুপিয়ে হত্যা করা হয়। ৭ হামলাকারীর মধ্যে ৬ জন নিহত এবং ১৩ জনকে উদ্ধার করার কথা নিশ্চিত করা হয়।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।