অন্যান্য বারের চেয়ে এবার যাতায়াত ব্যবস্থা অনেক ভালো বলেই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বজনদের সঙ্গে ঈদ করতে ভোর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে বাড়ছে ঘরমুখো মানুষের ব্যস্ততা।
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন নগরবাসী। রোববার ভোর থেকেই গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা যায় ঈদে মানুষের ঘরে ফেরার ব্যস্ততা। তবে, এবার ঈদের অনেক আগেই ছুটি শুরু হওয়ায় টার্মিনালগুলোতে যাত্রীর চাপ অনেক কম।
অন্যদিকে, সদর ঘাট লঞ্চ টার্মিনালে আগের চেয়ে যাত্রীদের ভিড় কিছুটা বাড়লেও যাত্রীসংখ্যা তুলনামূলকভাবে কম।
একই চিত্র কমলাপুর রেলস্টেশনেও। প্লাটফর্মে তেমন ভিড় নেই। মোটামুটি সময়মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। কোনো ঝামেলা ছাড়া কাঙ্খিত টিকেট পাচ্ছেন অধিকাংশ যাত্রী।
অবশ্য, সোমবার বিকেল থেকে পোশাক কারখানাসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত মনুষদের ঈদের ছুটি শুরু হলে রাজধানীর রেলস্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালগুলোতে ভিড় আরো বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।