সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যাপো পিস্তলি।
মঙ্গলবার দুপুরে গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলাস্থল পরিদর্শন করে এ কথা বলেন ল্যাপো পিস্তেলি।
এ সময় দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের আহ্বানও জানান তিনি।
এর আগে নিহত ৯ ইতালীয় নাগরিকের মৃতদেহ দেশে নিয়ে যেতে সকালে ঢাকা আসেন ল্যাপো পিস্তেলি।
পরে বিমানবন্দর থেকে তাকে সঙ্গে নিয়ে হলি আর্টিজান পরিদর্শনে যান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রসঙ্গত: গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।