রাজধানীর গুলশানে হামলার ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে— আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার রাজধানী জাতীয় ঈদগাহ পরিদর্শে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, তাদের সন্দেহে আরো কয়েকজন রয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট তদন্ত করবে বলেও জানান তিনি।
যে পাঁচ জনের ছবি প্রকাশ হয়েছে তারা কমান্ডোদের এনকাউন্টারে মারা গেছে।
প্রসঙ্গত: গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।