ঈদের ছুটির পঞ্চম দিন আজ-মঙ্গলবার চাঁদ উঠলে কাল ঈদ তাই বৃষ্টি উপেক্ষা করেই স্বজনদের সঙ্গে ঈদ করতে বাস-ট্রেন- লঞ্চ স্টেশনে ভীড় করেছেন যাত্রীরা।
ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের বাড়তি যানবাহন, প্রবল বৃষ্টিপাত ও সড়ক দুর্ঘটনার কারণে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাসহ এর আশপাশে ৫৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এদিকে,পর্যাপ্ত লঞ্চ থাকলেও যাত্রী কম থাকায় দিনের বেলায় সময় মতো টার্মিনাল থেকে অনেক লঞ্চই ছাড়েনি। ভোর হতেই অনেকে ভিড় জমাতে শুরু করেন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে।
একদিকে বৃষ্টি অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপে সোমবার রাতে চন্দ্রা মোড় ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয় যানজটের। মঙ্গলবার ভোরে টাঙ্গাইল অংশের দুটি স্থানে সড়ক দুর্ঘটনার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। বৃষ্টির কারণে যারা বাসের ছাদে করে বাড়ি যাচ্ছেন তারাও পড়েছেন বিপাকে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে হাইওয়ে পুলিশ। বেলা ১২ টার দিকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে।
গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এছাড়া ভোর হতেই অনেকে ভিড় জমাতে শুরু করেন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে যাত্রী সংখ্যা। গত কয়েকদিন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তেমন একটা ভিড় না থাকলেও ভোর থেকেই দেখা যায় যাত্রীদের ভিড়। ভেতরে জায়গা না পেয়ে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রাণের ঝুঁকি নিয়ে অনেককেই ট্রেনের ছাদেও উঠতে দেখা যায়।
বৃষ্টির কারণে দুর্ভোগ আরো বেশি। ট্রেনের সংখ্যা বাড়াতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যাত্রীরা।
আর অন্যান্য বারের তুলনায় এবার ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন বলে দাবি করেছেন রেলমন্ত্রী মজিবুল হক।
ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।