দেশের কোথাও আজ- মঙ্গলবার পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি তাই বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার এ সিদ্ধান্ত কথা জানান সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
তিনি বলেন, দেশের ৭টি বিভাগীয় ও ৬৪ জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই সারাদেশে ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার।
সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে ধর্মমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. আব্দুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য অফিসার একেএম শামীম চৌধুরী ও মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারি। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, ঢাকা জেলা প্রশাসন ও আবহাওয়া অধিদফতরের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।