সন্ত্রাসী-জঙ্গিদের জায়গা বাংলার মাটিতে হবে না- আবারো দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ধর্মান্ধতাকে বরদাশত করা হবে না— যারা ঈদের নামাজে বোমা মেরে মানুষ খুন করে তারা ইসলাম মানে না এরা ইসলামের শত্রু।
যারা নিখোঁজ রয়েছে তাদের পরিচয় জানাতে সেসব পরিবারের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তৃণমূল পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার গণভবনে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
পরে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সমাজের বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে মানুষ হত্যা ঘৃণ্য-জঘন্য কাজ জানিয়ে তিনি বলেন, যারা এ কাজ করে তারা ইসলামের শত্রু।
এদেশ কখনো জঙ্গি-সন্ত্রাসের স্থান হবে বলে আবারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
যারা নিখোঁজ রয়েছে, তাদেরকে গুম বলে যেসব মানবাধিকার সংস্থা সরকারের সমালোচনা করেছেন সেসব সংস্থার সমালোচনা করে তিনি বলেন, সঠিক তথ্য দিলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া যেত।
ইউনিয়ন, উপজেলা, জেলাপর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বিনিময়ের সময় অনেকে নিজেদের নানা সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানান। বিভিন্ন জনের এসব সমস্যার কথা লিখে রাখতে গণভবনের কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।