রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবীরকে স্মরণ করেছেন যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আটলান্টার ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ফারাজ ও অবিন্তা।
গত বৃহস্পতিবার তাদের স্মরণে ক্যাম্পাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ওই অনুষ্ঠানে এমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা যোগ দেন।
প্রায় এক ঘণ্টার ওই আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুল দিয়ে ফারাজ ও অবিন্তাকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করা হয়। এছাড়াও গুলশান হামলায় নিহত ২০ জনের আত্মার শান্তি কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।
প্রসঙ্গত: গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন পুলিশ সদস্য।