জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র।
ঢাকায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
রোববার বেলা সাড়ে ১২টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে রোববার সকালে তিনি ঢাকায় পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন মার্কিন উপ সহকারী সচিব সিং আনান্দ।
নিশার সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক পরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে।
জানা গেছে, বাংলাদেশ থেকে কলোম্বো যাবেন নিশা সেখানে রাজনীতিবিদ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক রাষ্ট্র প্রসঙ্গে বৈঠক করবেন।
এ মাসের শেষে ঢাকা সফরের কথা ছিলো নিশা দেশাইয়ের। তবে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক হত্যা ও কিশোরগঞ্জে হামলার প্রেক্ষাপটে তার সফর এগিয়ে আনা হয়েছে। সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে জানা গেছে।