বিতর্কিত ভারতীয় ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে-- জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। পরে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
এর আগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এই টিভির সম্প্রচার বন্ধ করতে এরইমধ্যে ক্যাবল অপারেটরদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আজ- রোববার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালের জরুরি বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
জানা গেছে, এ বৈঠকে আরো বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে তারমধ্যে জুমার বয়ান ও খুতবা মনিটরিং করা হবে, দেশের বিভিন্নস্থানে যেসব ওয়াজ মাহফিল হয় তাও মনিটরিংয়ের আওতায় আসবে।
বিভিন্ন ভিআইপি এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা রেস্টুরেস্ট ও স্কুল কলেজ উচ্ছেদ করা হবে— এছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব রকম নিরাপত্তা দেয়া হবে।
বৈঠকে আরও উঠে এসেছে, যে কোনো সন্ত্রাস মোকাবেলায় ভালো ফলাফলের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে যথাযথ পুরস্কৃত করা হবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফ মাহমুদ অপু বলেন, বৈঠকে বর্তমান পরিস্থিতি মোকাবেলা, করণীয় নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
তিনি বলেন, এটি কোনো নির্ধারিত কোনো বৈঠক নয়, ঈদের ছুটি শেষে জরুরি ভিত্তিতে এ বৈঠক ডাকা হয়। এখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।