সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে এক সাথে কাজ করতে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতার আগ্রহের কথা জানিয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
নিশা দেশাই বলেন, সকলকে নিয়ে চলার সম্মিলিত মূল্যবোধের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ।
দুটি একসঙ্গে কাজ করতে পারলে সন্ত্রাসীরা জয়ী হতে পারবে না—এ কথা উল্লেখ করে নিশা দেশাই সন্ত্রাস দমনে জনগণকে সম্পৃক্ত করারও তাগিদ দেন তিনি।
বেলা ৩ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান নিশা দেশাই। বৈঠক শেষে সন্ত্রাস দমনে বিশেষজ্ঞসহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তবে সন্ত্রাসীদের খুঁজে বের করতে কি ধরনের সহযোগিতা নেয়া হবে তা যুক্তরাষ্ট্রকে জানানো হবে জানান নিশা।
এসময়, পরীক্ষা নিরীক্ষা করে কোন কোন ক্ষেত্রে সহায়তা নেয়া দরকার তা যুক্তরাষ্ট্রকে জানানো হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও বৈঠকে অংশ নেন গুলশান হামলার ঘটনায় পরিচালিত অপরারেশন থান্ডারবোল্টের নেতৃত্বদানকারী ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমানসহ লেফটেন্যান্ট জেনারেল সাব্বির ও ব্রিগেডিয়ার জেনারেল নাঈম।
দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক করেন তারা। এ বৈঠকে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট ও যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার মার্ক ক্লেটন।
এর আগে সকালে গুলশান হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন নিশা দেশাই। এসময় মার্কিন রাষ্ট্রদূত তার সঙ্গে ছিলেন। সেখানে নিহতদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
নিশা দেশাই এর আগে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন। সকাল সাড়ে ৮টায় গুলশানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসভবনে এ বৈঠক হয়।
গতকাল (রোববার) গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাই জঙ্গি হামলা-পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন নিশা দেশাই বিসওয়াল। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে যেকোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানান মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ে সহায়তার প্রস্তাব দেন তিনি।
তবে সন্ত্রাস দমনে যৌথ অভিযানের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে পররাষ্ট্র সচিব জানান।
এর আগে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন নিশা দেশাই।
পরে মার্কিন দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি বৈঠকেই নিশা দেশাই বলেন, উভয় দেশকেই সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি মোকাবেলা করতে হচ্ছে। এর বিরুদ্ধে নিজেদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারের কথাও জানান তিনি। গুলশানে সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের সমবেদনা জানান নিশা।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার অটুট থাকবে।