যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন স্থাপনায় জঙ্গি হামলার ষড়যন্ত্র করছে—জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে গণভবনে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ৪ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, গুলশানে জঙ্গি হামলায় এসব পরিবারের সদস্যদের মদদ আছে।
ভবিষ্যতে যেকোনো হামলার বিষয়ে গোয়েন্দা ও পুলিশ বাহিনীসহ সমাজের সকলকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এসময় আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার যুদ্ধাপরাধে অভিযুক্তদের পরিবারের সদস্যদের মদদ আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে অশান্ত করতে তাদের ষড়যন্ত্র থেমে নেই।
জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি ঊচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তায় যারা বিঘ্ন ঘটাবে তাদের স্থান এদেশে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মের নামে জঙ্গি হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, বাঙালি জাতিকে বিশ্বের কাছে হেয় করতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ঈদের জামাতের সময় যারা হামলা চালায়, তারাবির নামাজ বাদ দিয়ে যারা সন্ত্রাসী হামলা চালায়, মানুষ হত্যা করে তারা কখনো ইসলামে বিশ্বাসী হতে পারে না।
এসব কাজ করে তারা শান্তির ধর্ম ইসলামকে অবমাননা করছে বলে মন্তব্য করেন তিনি।
জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।