সকলের মতামত উপেক্ষা করে সুন্দরবনের জন্য হুমকি রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় বর্তমান সরকার আদৌ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিনা, তা এখন প্রশ্নবিদ্ধ।
এ সংক্রান্ত বাংলাদেশ-ভারত চুক্তি উন্নয়নের মাইলফলক নয় বরং সুন্দরবন ধ্বংসের মাইলফলক।
বুধবার জাতীয় প্রেসক্লাবে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বক্তারা।
সুন্দরবনের পাশ ঘেঁষে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো নির্মাণে মঙ্গলবার ভারতীয় কোম্পানির সঙ্গে দেড় বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদন করেছে সরকার।
বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ চুক্তির বিরোধিতা করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।
মানবাধীকারকর্মী সুলতানা কামাল বলেন, বিভিন্ন বিজ্ঞানভিত্তিক নিরীক্ষায় প্রকল্পটি সুন্দরবনের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হলেও এ চুক্তি করায় ১২ জুলাই দেশের ইতিহাসে কালোদিবস হিসেবে বিবেচিত হবে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোনোও দেশের জন্যই লাভজনক নয়— উল্লেখ করে তিনি আরো বলেন, এটি হচ্ছে সকলের মতামতকে উপেক্ষা করে সরকারের পরিবেশ ধ্বংসের পাঁয়তারা।
আন্দোলনের মাধ্যমে দাবি আদায় না হলে প্রয়োজনে বাংলাদেশ ও ভারত উভয় দেশের আদালতের আশ্রয় নেয়া হতে পারে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।