গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা তদন্তে বেশকিছু অগ্রগতি হলেও তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানানো যাবে না—বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘রাজধানীর নিরাপত্তা ইস্যুতে’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, সন্দেহভাজনদের এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে— হামলাকারীদের আশ্রয়দাতা ও অর্থদাতাদের খুঁজে বের করা হবে। একইসঙ্গে নিখোঁজদের খুঁজে বের করার কাজও চলছে। হলি আর্টিজানের হামলার পর নগর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গুলশান হামলায় নিহত পুলিশ সদস্যদের বিষয়ে সম্প্রতি প্রেসক্লাবে দেয়া বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের বক্তব্য জঙ্গি উষ্কানির সামিল। যারা এমন বক্তব্য দেবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আটককৃত সাবেক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত রেজাউল করিম ও কানাডা ফেরত তাহমিদ হাসিবের বিষয়ে জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব তরুণ নিখোঁজ রয়েছেন, তাদের সন্ধানে পুলিশ কাজ করছে। তবে নিখোঁজ সবাই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নয়। আর হলি আর্টিজান হামলার ঘটনায় তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
তিনি আরো বলেন, মাত্রা ৫-৬ জনের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব নয়। এর পেছনে বেশ কিছু লোক রয়েছে। জঙ্গিদের মদতদাতাদের বিষয়েও তদন্ত চলছে।