যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শর্ত মানবে না তাদের অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার খবর পাওয়া গেছে তাদের নজরদারিতে রাখা হয়েছে।
এছাড়া জঙ্গি কার্যক্রমে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
সকালে রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি কর্মকাণ্ডের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে নিয়ে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে সরকারের মন্ত্রী এবং ঊচ্চপর্যায়ের কর্মকর্তারা।
রোববার সকাল সোয়া ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ বৈঠক শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মালিক ও উপাচার্য ছাড়াও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, র্যা ব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার ঘটনায় জড়িতরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়।
এরপরই বিষয়টি নিয়ে আলোচনার জন্য সব বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসার সিদ্ধান্ত নেয় সরকার।