জঙ্গি হামলার অনেক আগাম তথ্য সরকারের কাছে থাকলেও সুনির্দিষ্টভাবে গুলশান ও শোলাকিয়ায় হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানায়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তার দাবি, তৎপর থাকার কারণেই হামলার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পেরেছে। তবে জঙ্গিরা বিচ্ছিন্নভাবে একে একে হামলাস্থলে যাওয়ায় তাদের আগেই সনাক্ত করা যায়নি।
গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি হামলার আগেই সরকারের কাছে এ ধরণের হামলা সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্যের বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সুনির্দিষ্টভাবে ওই দুই জায়গায় হামলা সম্পর্কে তথ্য সরকারের কাছে ছিল না।
তিনি আরো বলেন, গোয়েন্দাদের আশঙ্কা ছিল যে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কোথায় হবে, কখন হবে, এ তথ্যগুলো ছিল না। তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় ছিল বলেই আক্রমণের ৩ মিনিটের মাথায় এসআই ফারুক সেখানে গিয়ে হাজির হয়েছিলেন আর ১০ মিনিটের মাথায় তার সহকর্মীরা গিয়ে হাজির হয়েছিলেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিরা দল বেঁধে না গিয়ে এক-দু'জন করে হামলাস্থলে যাওয়ায় গোয়েন্দাদের পক্ষে তা টের পাওয়া সম্ভব হয়নি। তবে সতর্ক থাকাতেই হামলার পর তাৎক্ষণিক সাড়া দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সম্ভাব্য প্রতিটি হামলার সম্পর্কে সরকার সতর্ক রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। এছাড়াও বাংলাদেশে অবস্থিত জাপানের প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নিরাপত্তা চাওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।