মূলত তথ্য বিনিময়কে প্রাধান্য দিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় করা হবে—বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার নিজ দপ্তরে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় সন্ত্রাস দমনে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।
সাক্ষাতে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের উদ্যোগ ও পদক্ষেপকে পূর্ণ সমর্থন করে ভারত— এ লড়াইয়ে দিল্লি পাশে আছে।
তিনি বলেন, ভারত মনে করে সন্ত্রাসবাদ বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য বাধা— যা মোটেও ভারতের কাম্য নয়।
বৈঠকে সন্ত্রাস-জঙ্গিবাদের মতো বৈশ্বিক সংকটকে গুরুত্ব দিয়ে তা মোকাবেলায় দু'দেশের সহযোগিতা আরও গভীর করতে একমত হন তারা।
এর আগে, ভারতের হাইকমিশনার স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। স্থানীয় সরকার শক্তিশালীকরণ, স্যানিটেশন, পানীয় জল সরবরাহ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও পল্লী উন্নয়নে নেয়া বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একমত পোষণ করেন তারা।