সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার মানববন্ধন-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ‘গড়বো সুস্থ সমাজ, সুস্থ দেশ,জঙ্গিবাদ হবে শেষ’ শ্লোগান নিয়ে রাজবাড়ীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। স্থানীয় রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করা হয় নড়াইলে। জঙ্গিবাদ বিরোধী নারী সমাজের উদ্যোগে সকালে আদালত সড়কে এর আয়োজন করা হয়।
এছাড়াও মৌলভীবাজারের চৌমোহনা চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের উদ্যোগে জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
এ কর্মসূচি থেকে সুন্দরবন সংলগ্ন রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলেরও দাবি জানানো হয়। জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন ও সমাবেশ করা হয় বরিশাল, কুষ্টিয়া, হবিগঞ্জেও।