রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে নারকীয় হত্যাকাণ্ডের দায় সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ইসলাম এ ধরনের হত্যার শিক্ষা দেয় না।
উল্লেখ, ১ জুলাই শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে প্যারাকমান্ডোর সমন্বিত অভিযানের মাধ্যমে।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।
এদিকে, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ধামরাইয়ের উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। বরিশালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে নগরীর টাউন হল থেকে শোভাযাত্রা বের করা হয়।
পরে র্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মা ও শিশু কল্যান কেন্দ্রে গিয়ে শেষ হয়। র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে সাভারেও পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।