সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশের সক্ষমতা বিশ্বনেতাদের কাছে প্রশংসা পেয়েছে—বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গুলশান হামলাসহ সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যেভাবে এ সমস্যার সমাধান করেছে তা বিশ্বের কাছে অনুকরণীয়।
জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটানো হয় যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তবে দ্রুত জঙ্গিবাদ মোকাবেলা করতে পারায় বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ প্রশংসা পেয়েছে।
সন্ত্রাস ও জঙ্গিবাদীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের ধরণ পাল্টাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, ধ্বংসাত্মক কার্যকলাপে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
তাই নিরাপত্তা নিশ্চিতে উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর হওয়ার ওপর তাগিদ দেন প্রধানমন্ত্রী।
সরকার, রাষ্ট্রপ্রধান, ভিভিআইপি ও বিদেশি অতিথিদের নিরাপত্তার দায়িত্ব পালন করায় পিজিআর সদস্যদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব বাহিনীকে যুগোপযোগী করা হচ্ছে।
এর আগে মূল অনুষ্ঠানের শুরুতেই পিজিআরে কর্মরত অবস্থায় নিহত শহীদদের পরিবারের মধ্যে উপহার সামগ্রী ও অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।