শোক, শ্রদ্ধা আর সর্বস্তরের মানুষের ভালবাসায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী শিরীন বানু মিতিল। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়। এ সময় শ্রদ্ধা জানান রাজনীতিক, কবি, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, সহকর্মী এবং সহযোদ্ধারা। এই বীর নারীর প্রতি শ্রদ্ধা জানাতে এসে স্মৃতিচারণ করেন তারা।
মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল একজন নারীনেত্রী, সমাজসেবক ও দক্ষ সংগঠক ছিলেন। স্কুল জীবনেই তিনি জড়িয়ে পড়েছিলেন ছাত্ররাজনীতিতে। ১৯৫১ সালের ২ সেপ্টেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন শিরিন বানু।
১৯৭১ সালে মাত্র একুশ বছর বয়সে পাবনা এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শিরিন বানু মিতিল অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। তিনিই একমাত্র নারী মুক্তিযোদ্ধা যিনি পুরুষের ছদ্মবেশে অংশ নিয়েছিলেন রণাঙ্গণে।
বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগে ইনস্টিটিউটে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে ২১ জুলাই রাতে মৃত্যুবরণ করেন শিরিন বানু মিতিল। শুক্রবার সকাল দশটায় তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে গার্ড অব অনার দেয়া হয় তাকে।
পরে এই বীর নারীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল,সংগঠনও মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধে শিরিন বানুর অসীম সাহসিকতা বর্ণনা করেন তারা ।
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে দুপুরে কুমিল্লার কাটাবিল এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।