যেকোনো মূল্যে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করা হবে—আর এটা করতে জিরো টলারেন্স দেখাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক-২০১৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যেকোনো মূল্যে বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হবে বলে আবারো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
যেকোনো নামে সন্ত্রাস-জঙ্গিবাদ আসুক না কেন সরকার জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে আর একাজে জনপ্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা চান তিনি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে উৎসাহ আনতে এবারই প্রথম "জনপ্রশাসন পদক" দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
ব্যক্তিগত, দলগত এবং প্রাতিষ্ঠানিক এই তিন পর্যায়ে জেলা ও জাতীয় পর্যায়ে মোট ত্রিশ জনকে এই পদক দেয়া হয়।
পদক তুলে দিয়ে পাকিস্তান শাসনামলে প্রজাতন্ত্রে বাঙালি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতারও দীর্ঘ সময় পর তার নেতৃত্বের সরকার ক্ষমতায় এসে পিছিয়ে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।
তিনি আরো বলেন, চাকুরির মনোভাব নিয়ে নয় সেবার মানসিকতা নিয়ে আন্তরিক হয়ে জনসেবা করতে হবে।
সম্প্রতি গুলশান ও শোলাকিয়া জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে বলেন, যে নামেই সন্ত্রাস-জঙ্গিবাদ আসুক না কেন বাংলাদেশের মাটিতে এসবের স্থান নেই।
আগামী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হাতে নেয়া প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে তাদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে উৎসাহ আনতে এবারই প্রথমবারের মতো জনপ্রশাসন পদক প্রদান করায় এর মাধ্যমে সরকারি কাজে কর্মকর্তা ও কর্মচারীদের কাজে উৎসাহ আসবে তারা কাজে আরো মন দেবেন জানান তিনি।
শেখ হাসিনা বলেন, সরকার বিভিন্নমুখী কর্মসূচি হাতে নিয়েছে এ পদক সেইসব কর্মসূচির কর্মীদের মধ্যে প্রতিযোগিতা বাড়াবে, উৎসাহ-উদ্দীপনা বাড়াবে, আর যারা পুরস্কৃত হলেন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এ পদক।