সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবার রাজপথে নামলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। সোমবার সকালে ক্যাম্পাস জুড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন তারা।
ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যেন জঙ্গিবাদের বিস্তার না করতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এভাবেই রাজপথে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। সকাল ১১টায় ঘণ্টাব্যাপী শাহবাগ থেকে দোয়েল চত্বর, আর নীলক্ষেত পর্যন্ত- ক্যাম্পাস জুড়েই পালিত হয় দীর্ঘ এ মানববন্ধন।
ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যেন জঙ্গিবাদের বিস্তার না করতে পারে, সেজন্য সতর্ক অবস্থানের কথা জানালেন শিক্ষার্থীরা। নানা কর্মসূচির মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে বলে মত দেন ছাত্রনেতারা।
ধর্মের নামে মানুষ হত্যার মত সন্ত্রাসী কার্যক্রম রুখতে প্রত্যেক বিভাগে শিক্ষার্থীসহ সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান শিক্ষকরা।
পাকিস্তানী গোয়েন্দা সংস্থার যোগশাজশেই এসব জঙ্গি কার্যক্রম চলছে মন্তব্য করে উপাচার্য ড. আআমস আরেফিন সিদ্দীক বলেন, বিশ্ববিদ্যালয়ের কারও বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া গেলে কর্তৃপক্ষকে তা অবহিত করতে হবে।