গুলশানে হামলাকারী এবং কল্যাণপুরে অভিযানে নিহত জঙ্গিরা একই গ্রুপের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে অভিযান সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
আসাদুজ্জামান মিয়া বলেন, নিহতদের বয়স, পোশাক ও অবয়বে এমনটাই ধারণা তাদের। নিহতরা সবাই উচ্চবিত্ত পরিবারের উল্লেখ করে কমিশনার বলেন, নাশকতার উদ্দেশ্যেই সোমবার রাতে তারা ওই ফ্ল্যাটে জড়ো হয়।
নাম-পরিচয় জানার জন্য ফেসবুকে তাদের ছবি দেয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
ঘণ্টাব্যাপী ওই অভিযানের সম্পর্কে আসাদুজ্জামান মিয়া বলেন, অভিযানে নিহত জঙ্গিদের বয়স, চেহারা, পোশাক দেখে তারা গুলশানে হামলাকারীদের গ্রুপেরই সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে এবং তারা সবাই উচ্চবিত্ত পরিবারের।
তিনি আরো বলেন, গত ২০ জুলাই কল্যাণপুরের তাজ মঞ্জিলের ৬ তলার ওই ফ্ল্যাটটি ভাড়া নেয় জঙ্গিরা। নাশকতার জন্যই সোমবার রাতে তারা ওই ফ্ল্যাটে তারা জড়ো হয়েছিল। এখনো তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। অভিযানে আটক গুলিবিদ্ধ জঙ্গি নিজের নাম ‘হাসান’ এবং বাড়ি বগুড়া বলে দাবি করেছে।